গ্র্যান টুরিসমো ৭ গেইমে ফেরারির হাইব্রিড রেসিং কার

৬ ডিসেম্বর, ২০২২ ২২:৩৩  
ভার্চুয়াল কনসেপ্ট গাড়ি আজকাল গেইমারদের কাছে হট কেকের মতোন। ২০১৩ সাল থেকেই জাগুয়ার, ম্যাকলারেন, মার্সেডিজ-বেঞ্জ ও অডির মতো বিশ্বের বিভিন্ন শীর্ষ নির্মাতার গাড়ি দেখিয়েছে গেইমিং কোম্পানিগুলো। এবার দ্য গ্র্যান টুরিসমো’র ‘ভিশন’ প্রকল্পের সপ্তম সংস্করণে ফেরারি’র ভিশন হাইব্রিড রেসিং গাড়ি আনার ঘোষণা দিয়েছে গেইমের নির্মাতা প্রতিষ্ঠান পলিফোনি ডিজিটাল। ঘোষণা অনুযায়ী,আগামী ২৩ ডিসেম্বর গেইমটিতে ভিশন প্রকল্পের সর্বশেষ সংযোজন ফেরারির নতুন একটি ‘এন্ট্রি’ আসছে। তবে ফেরারি ভক্তদের গেইমের একটি কুইজের ওপর নজর রাখার পরামর্শ দিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। খবরে বলা হয়েছে, এটি শেষ করতে পারলে ফেরারি’র নতুন গাড়ির অভিজ্ঞতা আগেই নিতে পারবেন গেইমাররা। একক-সিটের এই রেস কারটি বিশেষভাবে প্লেস্টেশনের গ্রান টুরিসমো ভিডিও গেমের সিরিজে প্রদর্শিত হওয়ার জন্য নকশা করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, পূর্বসূরিদের মতোই, ‘ফেরারি ভিশন গ্র্যান টুরিসমো’তে এমন সক্ষমতা আছে, যা যে কোনো উৎপাদিত গাড়িকে লজ্জায় ফেলে দেবে। গেইমে এক হাজার হর্সপাওয়ারেরও বেশি টর্ক তৈরি করবে এর ‘সিঙ্গল-সিট হাইব্রিড’ সিস্টেম। পাশাপাশি, বাড়তি ক্ষমতা দেবে তিনটি বৈদ্যুতিক মোটর। ফেরারি ভিশন গ্র্যান টুরিসমোর বডিশেলটি ফ্ল্যাট। শেলটি কার্বন-ফাইবার আন্ডারবডির উপরে এমন ভাবে জুড়ে দেয়া হয়েছে যা গাড়ির সমস্ত প্রযুক্তিগত উপাদানকে অন্তর্ভুক্ত করে একটি বিশুদ্ধ আকৃতি দিয়েছে। চ্যাসিসটি অন-দ্য লিমিট হ্যান্ডলিংয়ে গাড়ির চারপাশের গতিশীলতার উপর জোর দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। সামনে-পিছনের ওজন সর্বোত্তম ভারসাম্য রাখতে পাওয়ারট্রেন লেআউট AWD ব্যবহার এবং কেন্দ্রে অত্যন্ত নিম্ন মাধ্যাকর্ষণ নিশ্চিত করা হয়েছে। ইলাস্টো-কাইনেমেটিক সাসপেনশন সেটআপটি গ্র্যান টুরিসমোতে ব্যবহৃত টায়ারের কার্যকারিতায় যোগ করেছে তুখোর গতি। অ্যারোডাইনামিক ভারসাম্যের সাথে নির্মমভাবে ঘুরতে থাকা সিটি সার্কিট এবং ঐতিহ্যগত ভাবে রেস ট্র্যাক উভয় ক্ষেত্রেই উচ্চতর কর্মক্ষমতা নিশ্চিত করেছে ফেরারির কনসেপ্ট কারটি। ফেরারির নকশা পরিচালক ফ্লাভিও মানজোনি জানিয়েছেন, কৌশল, অ্যারোডাইনামিক্স এবং ভবিষ্যত প্রযুক্তির ক্ষেত্রে ফেরারির অতুলনীয় বোঝাপড়া ব্যবহার করে একেবারে হাত খুলে এই গাড়ির নকশা করা হয়েছে যা ডিজিটাল বিশ্বে সম্পূর্ণ নতুন দর্শকদের হাতে তুলে দেওয়া হবে। ফেরারি এই কনসেপ্ট কার সাজানো হেয়েছে ‘৪৯৯পি’ হাইপারকারের ‘ভি৬’ ইঞ্জিনের ‘চরম সংস্করণ’ হিসেবে। একে আগামী বছরের ‘ল্যো ম্যানস’ প্রতিযোগিতায় নামাতে চায় এই ইতালি-ভিত্তিক অটোমেকার।